শেখ সোহেল রানা (ঢাকা) প্রতিনিধিঃ বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১৬ মে) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ থেকে একটি বড় গাঁজার চালান ঢাকার কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করে র্যাব।
র্যাব আরো জানায়, সোহান হোসেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।















