
বুধবার সাতসকালে শিলিগুড়ির সেবক রোডে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সালুগাড়া ও সেবকের মাঝামাঝি এলাকায় গ্যাংটকগামী একটি সিকিম রাষ্ট্রীয় পরিবহণের (SNT) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছোট গাড়ির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে, ছোট গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটির সামনের একটি চাকা খুলে অক্ষচ্যুত হয়ে পড়ে।
জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টা নাগাদ শিলিগুড়ির এসএনটি টার্মিনাস থেকে যাত্রী নিয়ে বাসটি সিকিমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আচমকাই বিপরীত দিক থেকে আসা ছোট গাড়িটির সঙ্গে এটির ধাক্কা লাগে। দুর্ঘটনায় ছোট গাড়ির চালক গুরুতরভাবে জখম হয়েছেন। পাশাপাশি বাসের বেশ কয়েকজন যাত্রীও কমবেশি আহত হন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এদিকে ব্যস্ততম এই রুটে দুর্ঘটনার জেরে মুহূর্তের মধ্যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। পরবর্তীতে আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য অন্য একটি বিশেষ এসএনটি বাসের ব্যবস্থা করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

















