
আবারও বাংলার রাজনীতিতে জোরালো স্লোগান ‘বাঙালি অস্মিতা’। একুশের জুলাই আন্দোলনের আবহ এবার পৌঁছল আঠাশে অগাস্টের যুব সমাবেশে। শাসক দলের তরফে স্পষ্ট বার্ত, বাংলা ও বাঙালির অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। গোটা সভাস্থল জুড়ে ব্যানার-পোস্টারে প্রতিধ্বনিত হল সেই লড়াই। রাজনৈতিক মহলের মতে, এই সমাবেশ থেকেই স্পষ্ট হয়ে গেল বিধানসভা ভোটের আগে তৃণমূল যুব নেতৃত্ব ‘বাঙালি পরিচয়’কে হাতিয়ার করেই লড়াই চালাবে।
পাশাপাশি, ছাত্র সমাজকে সক্রিয় করতে ছাত্র সংসদ নির্বাচন নিয়েও ইঙ্গিত দিলেন শীর্ষ নেতৃত্ব। যদিও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। তবু, দলীয় কৌশল হিসেবে যুবশক্তিকে প্রাধান্য দেওয়া এবং ‘অস্মিতা রক্ষা’র স্লোগানকে সামনে রাখা যে আসন্ন নির্বাচনে তৃণমূলের বড় অস্ত্র হতে চলেছে, তা দিনের শেষে পরিষ্কার। ফলে আঠাশের সমাবেশকে ঘিরে উত্তাল হল রাজ্য রাজনীতি।















