
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিং জেলার মিল্ক অঞ্চলে সাম্প্রতিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সংখ্যালঘু সেল। সংগঠনের সহ-সভাপতি শরাফত আলির নেতৃত্বে আজ এক দল কর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় কর্মী আশফাক হুসেন, ভরৎ ছেত্রী, বিশাল থাপা এবং সারফরাজ আলি প্রমুখ। তাঁরা মিল্ক অঞ্চলের ভূমিধসে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের হাতে কম্বল, খাদ্যসামগ্রী, ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন।

শরাফত আলি সাংবাদিকদের জানান, “আমরা এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছি। আজকের এই ত্রাণ কার্যক্রম আমাদের মানবিক উদ্যোগের প্রথম ধাপ মাত্র। আগামী দিনে আরও সহায়তা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকতে চায় এবং দুর্যোগের সময় সমাজের সকল স্তরের মানুষকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দারাও দলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এই সহায়তা তাঁদের কিছুটা স্বস্তি দিয়েছে।
দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক ভূমিধসে বহু পরিবার গৃহহীন ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন সময়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।
এই ত্রাণ কর্মসূচির মাধ্যমে শরাফত আলি ও তাঁর দল প্রমাণ করলেন, মানুষের পাশে থেকে কাজ করাই প্রকৃত রাজনীতির আসল পরিচয়।















